প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন। এদিন বাগমারায় একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভাকে ঘিরে পুরো রাজশাহীতে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। দলীয় সূত্রে জানানো হয়েছে, এ জনসভাকে সফল করতে দিন রাত কাজ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চলছে মাইকিং, পোস্টারিং ও সাজসজ্জার কাজ। দলীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী বাগমারায় জনসভায় ভাষণ দেয়া ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এদিন সকালে রাজশাহী সেনানিবাসে সেনাবাহিনীর ৩, ৪, ৫ ও ৬ বীরকে জাতীয় পতাকা প্রদান করবেন। পরে তিনি বাগমারার বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্স, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বিভাগীয় পাসপোর্ট ভবন, শাহ্ মখদুম থানা, নওহাটা উচ্চ বিদ্যালয়, সার্ভিস ডেলিভারি সেন্টার, চারঘাট থানা, সালেহা ইমারত, বাগমারা, নাসিরগঞ্জ কলেজকে ডিগ্রি, ভবানীগঞ্জ ও তাহেরপুর কলেজের সম্মান পর্যায়ের উন্নীতকরণ, বাগমারার ৩৮টি কমিউনিটি ক্লিনিক, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর, তাহেরপুর পৌরসভার অডিটরিয়াম, যোগীপাড়া ও হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করবেন। এছাড়া বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। পরে বিকালে বাগমারার দেউলা এলাকার এনা পার্কমাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামূল হক বলেন, নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে বাগমারাকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন থাকছে ২০ হাজার পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবক।