প্রধানমন্ত্রী ঘোষিত ব্যবস্থায় জাপার নির্বাচনে যাওয়া অর্থহীন: এরশাদ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৬
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত ব্যবস্থায় আগামী সংসদ নির্বাচনে তার দলের অংশগ্রহণ করা না করা একই কথা, অর্থাত্ বিষয়টি অর্থহীন। ফলে এ নির্বাচনে যাওয়ার কোনো মানে হয় না। গতকাল মঙ্গলবার রাতে রংপুর থেকে টেলিফোনে তিনি ইত্তেফাককে একথা জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এরশাদ ইত্তেফাককে বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বলছেন, যদি শেষ পর্যন্ত সেভাবেই নির্বাচন হয়- তাহলে বিএনপি তো সে নির্বাচনে যাবে না, তাদের যাওয়ার কোনো সুযোগও নেই। কারণ সেই নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। বিএনপি না গেলে সে নির্বাচন কীভাবে হবে? নির্বাচন-ই তো হবে কিনা সন্দেহ। আমাদের দলও এ বিষয়গুলো ভাবছে। ‘আপনি তো এর আগে বলেছিলেন-বিএনপি না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর বিএনপি না গেলে সে নির্বাচনে জাপাও যাবে না, আবার জাপা এককভাবে নির্বাচন করবে বলেও বলেছেন। এখন প্রধানমন্ত্রীর এই অবস্থান ঘোষণার পর আপনার সিদ্ধান্ত কি? এরকম এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান ব্যবস্থায় নির্বাচন করা আমাদের জন্যও খুব কঠিন হবে। কারণ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা, তার এমপিরা সবাই যার যার পদে থাকবেন, প্রশাসন সরকারে, পুলিশ সরকারের। সেখানে আমাদের জন্যও তো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। বিএনপিকে ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগের বর্তমান আসন সংখ্যা আরো বৃদ্ধি পাবে, জাতীয় পার্টির বর্তমান যে আসন রয়েছে সেগুলোও নিয়ে যেতে পারে। তাহলে সে নির্বাচনে যাওয়ার কী অর্থ থাকতে পারে। তারপরেও এ সম্পর্কে আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। দলের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। এরশাদ আরও বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সে কারণে জাতীয় পার্টি এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না। বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, করিম উদ্দিন ভরসা ও ফখর-উজ জামান জাহাঙ্গীর, জেলা জাপার সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর জাপার সাধারণ সম্পাদক এডভোকেট সালাউদ্দিন কাদেরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।