সিলেটের বিশ্বনাথে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ডাকা আধবেলার হরতাল গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা সভাপতি, ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সন্ধান ও ৯০ জন নেতাকর্মীর মুক্তির দাবিতে এই হরতাল আহবান করা হয়।
গতকাল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে। এসময় মিছিলে মিছিলে উত্তাল ছিল গোটা উপজেলা সদর। দুপুরে মিছিল শেষে স্থানীয় সেতুর ওপর সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও ছাত্রদল আহবায়ক শামছুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিএনপি নেতা জামাল আহমদ প্রমুখ।
