মিসরে আল-জাজিরাসহ চারটি চ্যানেল বন্ধ ঘোষণা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৭
মিসরে আল জাজিরাসহ চারটি টিভি চ্যনেলের সমপ্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের একটি চ্যানেল রয়েছে। এর আগে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার চার সাংবাদিককে কায়রো থেকে আটক করা হয়। মঙ্গলবার সরকারি সংবাদ সংস্থা মিনা এ খবর প্রকাশ করে। সূত্র জানায়, মিসরে প্রখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরার শাখা চ্যানেল ‘মুবাশির মিসর’ ও মুসলিম ব্রাদারহুড নিয়ন্ত্রিত ‘আহরাম ২৫’ সহ চারটি টেলিভিশন চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সম্প্রচারে নিষেধাজ্ঞা পাওয়া অপর দু’টি ইসলামপন্থি চ্যানেল হলো ‘আল-কুদস’ ও ‘আল-ইয়ারমুক’। গত ৩ জুলাই মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর ‘তার পক্ষে সংবাদ প্রচার’ করার অভিযোগে এই চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হয়। এদিকে চ্যানেল বন্ধ ও মুরসিকে স্বপদে বহাল করার দাবিতে মঙ্গলবার ‘সন্ত্রাসী অভ্যুত্থান মানি না’ শ্লোগানে রাজধানী কায়রোতে বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড।