এবার প্রতি জেলায় কর মেলা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৮
আগামী ১৫ সেপ্টেম্বর পালন করা হবে জাতীয় আয়কর দিবস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে এর পরদিন ১৬ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়োজন করা হচ্ছে আয়কর মেলা। কর প্রদানে উদ্বুদ্ধ ও সচেতন করতে গত তিন বছর থেকে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস ও পরবর্তী এক সপ্তাহ আয়কর মেলার আয়োজন করা হয়ে থাকে। রাজধানীর অফিসার্স ক্লাবে এ মেলার আয়োজন করা হবে। এ বছর প্রথমবারের মত দেশের ৬৪টি জেলায় আয়কর মেলার আয়োজন করা হয়েছে। তবে বিভাগীয় শহর ছাড়া জেলা শহরের মেলা হবে দুই দিন করে। এই মেলার স্থান ও তারিখ স্থানীয় কর কমিশনার নির্ধারণ করবেন। গত বছর দেশের বড় ১৬টি জেলায় এ আয়োজন করা হয়েছিল। এনবিআর সূত্রে জানা গেছে, এ বছর আয়কর মেলায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি’র বেশি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না। বিগত বছরগুলোতে একজন ব্যক্তি ইচ্ছেমত আয়কর রিটার্ন জমা দিতে পারতেন। এর ফলে আয়কর বিবরণী দাখিল নিতে অনেক সময় ব্যয় হতো। আবার বিশৃঙ্খলাও হতো। জানা গেছে, এবারের কর মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ইত্যাদির জন্য পৃথক অস্থায়ী বুথ স্থাপন করা হবে। এছাড়া মেলায় ঢাকার প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথ স্থাপন করা হবে। সেখানে করদাতারা কর তথ্য ও সেবা এবং তাদের অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি ও আয়কর বিবরণী জমা দিতে পারবেন। মেলা প্রাঙ্গণে করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে বরাবরের মত সোনালী ব্যাংকের অস্থায়ী বুথ থাকবে।