ধুনটে বালু উত্তোলন করায় হুমকির মুখে ব্রিজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৭
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীর বিলচাপড়ী ব্রিজের কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আরসিসি গার্ডার ব্রিজ। তাছাড়া বালু উত্তোলনের কারণে এলাকায় নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে উপজেলার বিলচাপড়ী বাঙ্গালী নদীর উপর ৮ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ২৮৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণাধীন অবস্থায় ২০১১ সাল থেকে ওই জয়গায় মেশিন বসিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অবৈধ বালু উত্তোলনকারীদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেন। তারপর থেকে দীর্ঘদিন যাবত্ বালু উত্তোলন বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি আবারো ওই ব্রিজের নিচ থেকে বিলচাপড়ী গ্রামের তুহিন, রামনগর গ্রামের সাইদ ও হেউটনগর গ্রামের জাহাঙ্গীর নামের তিন যুবক নদীর ভিতর দু’টি ড্রেজার মেশিন বসিয়ে আবারো বালু উত্তোলন শুরু করেছে। ফলে আরসিসি গার্ডার ব্রিজটি হুমকির মুখে পড়েছে। এছাড়া নদীর ভিতর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে এলাকায় নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। বিলচাপড়ী গ্রামের আমজাদ হোসেন জানান, এভাবে বালু উত্তোলন করা হলে এলাকায় নদী ভাঙ্গন আরো তীব্র আকার ধারণ করবে। বালু উত্তোলনকারী বিলচাপড়ী গ্রামের তুহিন জানান, গ্রামের ঈদগাহ্ মাঠের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। তবে এবিষয়ে প্রশাসনের কোন অনুমতি নেয়া হয়নি। এব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, সেতুর নিকট থেকে বালু উত্তোলন করা হলে সেতুর পিলার ডেবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।