নেত্রকোনায় পাট ক্রয়ের সরকারি কেন্দ্র নেই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
নেত্রকোনার বাজারে এ বছরের নতুন পাট উঠতে শুরু করেছে। সদরসহ কয়েকটি এলাকার হাটবাজারে পাট উঠলেও দাম নেই। এ সমস্ত বাজারে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে মাত্র ৯শ’ টাকা থেকে ১১শ’ টাকায়। পাটের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা হতাশ। গ্রাম থেকে শহরের বাজারে পাট বিক্রি করতে এসেও তারা তিন-চারটি মোকাম ঘুরে ঘুরে অবশেষে ভালো দাম না পেয়ে কমেই বিক্রি করতে বাধ্য হচ্ছে। জেলা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর নেত্রকোনা জেলায় ৬ হাজার ১২০ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৫ হাজার হেক্টর। পাটের যথাযথ মূল্য না পাওয়ায় জেলায় প্রতিবছরই পাটের আবাদ কমে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। নেত্রকোনার পাট ব্যবসায়ী রঞ্জিত্ কুমার সাহা জানান, এখানে পাট ক্রয়ের জন্য সরকারের কোন ক্রয়কেন্দ্র বা এজেন্ট নেই। তাই যে যেভাবে পারেন পাট ক্রয় করছেন। এতে করে কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।