বিদ্যালয়টির ভবনের দরজা-জানালা ভেঙ্গে গেছে অনেক আগেই। ধসে পড়েছে ভবনের বিভিন্ন অংশ। কোমলমতি ছাত্র-ছাত্রীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষকগণ ক্লাস নিচ্ছেন খোলা আকাশের নিচে। তারপরেও কর্তৃপক্ষ বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষণা করেনি । গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ্৬৫ নং উত্তর রামশীল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টির এ বেহাল অবস্থা দীর্ঘদিনের । গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে দেখা যায়। বিদ্যালয়টির কার্যালয় সূত্রে জানা গেছে- ১৯৯৮ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে ৫টি শ্রেণিতে ৮৬ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এদের শিক্ষাদানের জন্য ৩ জন শিক্ষক কর্মরত আছেন।
প্রধান শিক্ষক লিপিকা চৌধুরী বলেন, আমাদের এই বিদ্যালয়ের ভবনটির ব্যাপারে একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি। রামশীল ইউপি চেয়ারম্যান খোকন বালা বলেন, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় আছে। বিদ্যালয়টির ব্যাপারে আমি একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি কিন্তু কোন ফল হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, জরাজীর্ণ এই বিদ্যালয়ের ভবনটির ব্যাপারে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশাকরি খুব শীঘ্রই এই বিদ্যালয়ের নতুন একটি ভবন পাস হয়ে আসবে।
