শ্রীপুরের তেলিহাটী এলাকার দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার পরিবার ওই বিদ্যালয়ের মাঠের একাংশ জবর দখল করে আকাশমণির বাগান গড়ে তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের মাঠ দখলকে কেন্দ্র করে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠছেন।
১৯৯০ সালে বিদ্যালয়টি ২ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হওয়ার পর গত ২ যুগ পুরো জমিই বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহূত হয়ে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও তার পরিবারের লোকজন আকাশমণি, মেহগনিসহ নানা জাতের গাছের চারা রোপণ করে নিজেদের ইচ্ছেমতো সীমানা প্রাচীর তৈরি করে ওই জমি জবর দখল করে ফেলে বলে এলাকাবাসী ইউএনও এবং শিক্ষা অফিসারের কাছে গতকাল বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাছাড়া তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতারও অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের ২ বিঘা জমির অতিরিক্ত অংশে জমির মালিক তার ভাইয়ের ছেলেরা বৃক্ষরোপণ করেছেন। ওই জমি দখলে তার কোন হাত নেই বলে তিনি দাবি করেছেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে ইউএনও আজীজ হায়দার ভুঁইয়া বলেন, সুষ্ঠু তদন্তের জন্য প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভীন বলেন, অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
