সংবাদ প্রকাশের পর হিল্লা বিয়ের শিকল থেকে রেহাই পেয়ে পুনরায় ঘর সংসার শুরু করেছে ডোমারের মোফাজ্জল রাবেয়া দম্পতি। জানা যায়, উপজেলার কারেঙ্গাতলী গ্রামের দিনমজুর মোফাজ্জল হোসেনের সাথে ১৯৮১ সালে ৫ হাজার ৫০১ টাকা দেনমোহরে রাবেয়া বেগমের বিবাহ হয়। দীর্ঘ ৩২ বছর ধরে তারা সংসার করে আসছিল। গত ৯ মে পারিবারিক কারণে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক শব্দ উচ্চরণ করে। ঘটনাটি প্রকাশ পেলে গ্রামের ফতোয়াবাজ মাতাব্বর সহিদুল, পেনকেটু, মফিজার, মকবুল, তরিকুলসহ অনেকেই ১১ আগষ্ট রাবেয়াকে একই গ্রামের চার সন্তানের জনক ষাটোর্ধ্ব লুত্ফর রহমানের সাথে কারাঙ্গাতলী জামে মসজিদের ঈমাম মহসেন আলীর মাধ্যমে জোর করে হিল্লা বিয়ে দেয়। ঘটনাটি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশ পাওয়ার পর গ্রামের ফতোয়াবাজ ও মাতব্বররা গা ঢাকা দেয়। মঙ্গলবার এলাকায় গিয়ে তাদের খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে মোফাজ্জল ও রাবেয়া দম্পত্তির সাথে কথা বললে তারা বলেন, আমরা ভালো আছি এবং পুনরায় সংসার করছি। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি সমাধান করে নিয়েছি বলে তারা জানান।
