পৃথক ঘটনায় ১১ জন নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
যশোর, রায়পুরা, রংপুর, নারায়ণগঞ্জ, দিনাজপুর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১১ জন নিহত হয়েছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। যশোর গত মঙ্গলবার দুপুরে যশোরে হাশিমপুর বাজারে একটি বাড়ির ছাদ থেকে পড়ে লাবু মিয়া (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে হাশিমপুর গ্রামের আকবর আলীর ছেলে। বাড়ির তৃতীয় তলায় নির্মাণ কাজ করার সময় অসাবধানবশত ছাদ থেকে পড়ে যান। লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) রায়পুর শহরের স্টেশন রোডের পাশ থেকে গত মঙ্গলবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রায়পুর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, কে বা কারা লাশ ফেলে গেছে তার তদন্ত চলছে। রংপুর রংপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মহানগরীর সাতমাথা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা হয়েছে। এদিকে রংপুরের সদর উপজেলার রাজেন্দ্রপুর শালমারায় গত মঙ্গলবার দুপুরে বাঁশঝাড় থেকে লাল্টু মিয়া (১৩) নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সালমারা গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপরদিকে বদরগঞ্জ উপজেলায় রামনাথপুর ইউনিয়নে হাজীপুর মুন্সীপাড়ায় গত মঙ্গলবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে হাবিবুব রহমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খামারের মুরগি রক্ষার জন্য খামারের চারদিকে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। অসতর্কভাবে খামার এলাকায় চলতে গিয়ে নিজের পাতানো ফাঁদে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে গতকাল বুধবার সকালে মাজহারুল ইসলাম (৪০) নামে এক নৈশ প্রহরীর হাত পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ভবন মালিক নূর হোসেনকে গ্রেফতার করেছে। দিনাজপুর দিনাজপুরের বিরল উপজেলার ধরলাগ্রামে গত মঙ্গলবার রাতে অবিলাশের স্ত্রী ঝর্ণা (২০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে সাপের দংশনে আহত হন। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা-মোমিনপুর স্টেশনের মাঝামাঝি গত মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পরে শুকুর আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে। শুকুর আলী রাতে ট্রেন লাইন অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। ভালুকা (ময়মনসিংহ) গত মঙ্গলবার ভালুকা উপজেলার রাংচাপড়া গ্রামের শাহীন ফিসারিজের কেয়ারটেকার আজমত আলী খাঁন (৫০) নিখোঁজ হয়। উপজেলার সাতেঙ্গা গ্রামের পাঁচওয়ার টেকের রমাইল বিলের পাশে একটি কাঁঠাল গাছের নিচ থেকে গতকাল বুধবার গলাতে নাইলনের রশি বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সে মৃত আব্দুস সামাদ খানের পুত্র। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। গাজীপুর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে গতকাল বুধবার সকালে আবু রায়হান (২৫) এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহের নাশুল্যা গ্রামের আব্দুল মন্নাছের ছেলে। নিহতের পেটে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বুধবার সকালে আব্দুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ পাওয়া গেছে। সে উপজেলা শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।