পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উত্পাদনশীল ১২১০ নম্বর কোল ফেজের কয়লার মজুদ শেষ হওয়ায় গত ১১ দিন ধরে কয়লার উত্পাদন বন্ধ রয়েছে। ২৪ আগস্ট এ কোল ফেজ থেকে কয়লা উত্তোলন শেষ হয়েছে। বর্তমানে নতুন ১২০৬ নম্বর ফেজ থেকে কয়লার উত্পাদন শুরুর প্রস্তুতিমূলক কাজ চলছে।
খনির কয়লা উত্পাদন বন্ধের বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি ফেজের কয়লা উত্তোলন শেষ হলে ব্যবহূত যন্ত্রপাতি সরিয়ে নিয়ে নতুন ফেজে স্থাপনের জন্য এক মাস লাগবে। এছাড়া এ সময়ে ব্যবহূত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রুটি-বিচ্যুতি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। এজন্য কয়লা উত্পাদন সাময়িক বন্ধ থাকে।
খনির মহাব্যবস্থাপক (খনিজ) হাবিব উদ্দিন জানান, বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনিতে উচ্চমানের যন্ত্রপাতি ব্যবহূত হচ্ছে। তা সত্ত্বেও এর শতকরা ১০ ভাগ যন্ত্রপাতির ক্রুটি ধরা পড়ায় সেগুলো মেরামতের জন্য ভূপৃষ্ঠের উপরে তোলা হচ্ছে। সব প্রস্তুতি শেষ করে এ মাসে চতুর্থ সপ্তাহে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হবে।
