ছাতকে এক সপ্তাহে ৬ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার মাধবপুর গ্রামের সালেহ আহমদের বাড়িতে গত রবিবার ডাকাতের হামলায় আহত তিনজনের মধ্যে ছমিরুন নেছা (৭০)’র মঙ্গলবার গভীর রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। রবিবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে শিবনগর গ্রামের নুর মিয়া (৪০)। একই রাতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে উপজেলার লক্ষ্মীবাউর বাজার এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে মারা যায় বাগবাড়ি গ্রামের রাজন মিয়া (২৮)। সোমবার বিকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দু’জনের মৃত্যু ঘটেছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় দুর্ঘটনায় আহত চেচান গ্রামের আনহার উদ্দিন (২১) ও বাবুল মিয়া (২২)। এদিকে ফকিরটিলা বেদে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় সালিশকারী টেংগারগাঁও গ্রামের জব্বার মিয়া (৪০) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
