সুনামগঞ্জে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
সুনামগঞ্জে একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের আশিক মিয়?া ও সেলিম মিয়া। জানা যায়, ২০০৬ সালের ১৮ জুন রাতে জেলার দিরাই উপজেলার শহরতলীর ঘাগটিয়া গ্রামের শাহজাহান মিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে আশিক মিয়া ও সেলিম মিয়া দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরদিন চিকিত্সাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহজাহান মিয়া মারা যান। এ ঘটনায় ১৯ জুন শাহজাহানের বড় ভাই এরশাদ মিয়া বাদী হয়ে দিরাই থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালত বুধবার অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেন আদালত। সুনামগঞ্জের এডিশনাল পিপি ফজলুর রহমান মিছবাহ জানান, দণ্ডপ্রাপ্তরা জেলহাজতে আছে।