গফরগাঁওয়ে অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের ভাংচুর
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ গফরগাঁও সরকারি কলেজে স্নাতক পর্যায়ের ফরম পূরণের টাকা কমানোকে কেন্দ্র করে অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মী কলেজ অধ্যক্ষের কক্ষে উপস্থিত হয়ে স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের ছাত্রছাত্রীদের ফরম পূরণে নির্দিষ্ট কিছুসংখ্যক ছাত্রছাত্রীর জন্য কম টাকায় ফরম পূরণের জন্য দাবি করে। অধ্যক্ষ রাজি না হওয়ায় এবং অধ্যক্ষের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের তর্কাতর্কির একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষ কক্ষের কম্পিউটার, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কমলগঞ্জ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৬ অক্টোবর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি \ রবিবার চা শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
চাটখিলের সাঁতের দিঘীরপাড় বাজারে অগ্নিকাণ্ড
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিলের ২নং রামনারায়ণপুর ইউনিয়নের সাঁতের দিঘীরপাড় বাজারে গতকাল বুধবার ভোর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ৭টি দোকান এবং স্থানীয় আওয়ামী লীগ অফিস সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দিনাজপুর শহর যুবলীগের কর্মীসভা
দিনাজপুর স্টাফ রিপোর্টার\ দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনাজপুর শহর যুবলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। গতকাল বুধবার শহর যুবলীগের আহবায়ক আশরাফুল আলম রমজানের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
কিশোরগঞ্জ জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি\ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। শহরের নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্বরূপকাঠিতে মাদকাসক্তকে পুলিশে দিলেন পিতা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ স্বরূপকাঠিতে মাদকাসক্ত পুত্র মাইনুল হাসানকে (১৮)পুলিশে দিলেন পিতা মো. বরকতউল্লাহ। জানা গেছে, পুত্র মাইনুলকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিরুপায় হয়ে পিতা তাকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সুজানগরে গাঁজার গাছ রাখায় ২ জনের জেল-জরিমানা
সুজানগর (পাবনা) সংবাদদাতা\ পাবনার সুজানগরে ৪টি গাঁজার গাছসহ আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন। জরিমানা ও দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলো উপজেলার ভাদুরভাগ গ্রামের রজব আলী (৫০) ও রফিকুল ইসলাম রফিক (৪০)। এদের মধ্যে রজব আলীকে ৫ হাজার টাকা জরিমানা এবং রফিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গোবিন্দগঞ্জে শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ ’যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’— এই শ্লোগানকে সামনে রেখে গত সোমবার থেকে ৩ দিনব্যাপী গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্কুল পর্যায়ের শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের বিতর্কের বিষয়:‘কেবলমাত্র আইনের শাসনই পারে ইভটিজিং বন্ধ করতে’। অনুষ্ঠানে ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইস-এর জেলা ম্যানেজার ভবতোষ চন্দ্র রায়, উপজেলা ম্যানেজার জগদীশ চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মত বিনিময়
মেহেরপুর প্রতিনিধি\ গত মঙ্গলবার ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানে এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ-সভার আয়োজন করে। কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আমজাদ হোসেন।
কসবায় আইইউডি গ্রহীতা অবহিতকরণ কর্মশালা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বুধবার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সন্তুষ্ট আইইউডি গ্রহীতা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, ব্রাহ্মণবাড়িয়া ভারপ্রাপ্ত উপ-পরিচালক অরবিন্দ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক কাজী মোঃ শফিউল আলম।
ফুলপুরে পুকুর থেকে সিন্দুক উদ্ধার
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাগলা গ্রামের সিরাজুল ইসলামের মত্স্য চাষের পুকুর থেকে পুলিশ লোহার সিন্দুক উদ্ধার করেছে। জানা যায়, গত মঙ্গলবার বিকালে পুকুরে মাছের খাবার দেয়ার সময় সিন্দুক দেখে পুলিশে খবর দেয়া হয়। ফুলপুর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান টিটু জানান, সিন্দুকের ভিতর কিছু গহনার খালি বক্স এবং কিছু জমির দলিল পড়েছিল। গত সোমবার রাতে ময়মনসিংহ পৌর শহরের ছোট বাজারে সংঘটিত একটি চুরির সিন্দুক এটি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি চুরির মামলা হয়েছে।
গোবিন্দগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম তুহিন ও তন্ময়ের ওপর হামলাকারী জামায়াত-শিবিরের বিচার দাবিতে গতকাল বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহামান বাবলু, আওয়ামী লীগ নেতা শৈলেন্দু মোহন রায় স্বপন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাকিল আহমেদ বুলবুল প্রমুখ।
সুজানগরে ছাত্রলীগের প্রতিবাদ সভা
সুজানগর (পাবনা) সংবাদদাতা\ ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তন্ময় আহমেদ গুরুতর আহত হওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন প্রমুখ।
মধুখালীতে দুঃস্থ মহিলাদের মাঝে চেক বিতরণ
মধুখালী (ফরিদপুর ) সংবাদদাতা\ বুধবার ফরিদপুরের মধুখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আর, ই, আর এম পি প্রকল্পের আওতায় দুস্থ মহিলা কর্মীদের সঞ্চয়ের টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়। ফরিদপুর-১ আসনের এম পি আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু প্রমুখ।
নরসিংদীতে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ শীর্ষক মতবিনিময়
নরসিংদী প্রতিনিধি\ একীভূত শিক্ষা ও স্থানীয় সরকার পর্যায়ে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোসাঃ সুরাইয়া বেগম। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বিল্লাল হোসেন।
মেহেরপুরে প্রতিবন্ধীদের উন্নয়নে কর্মশালা
মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুর সেভ দি প্ল্যানেট অ্যান্ড ডিসেবিলিটি (এসপিডি) উদ্যোগে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিসি) ও সিবিএম’র সহযোগিতায় গতকাল বুধবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অধিকার ভিত্তিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত ও অন্তর্ভুক্তি করার জন্য চেয়ারম্যান, মেম্বর ও সচিবদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামে রবি’র উদ্যোগে চারা ও চুলা বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের কালুয়ার চর, কিসামত ছিনাই ও জয়কুমর চরের হতদরিদ্র পরিবারগুলো এখন রবি’র আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে। গ্রাম ৩টিকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে রবির উদ্যোগে ইতিমধ্যে ৬০০ পরিবারের মাঝে মেগা গ্রীড প্যানেলে সৌর আলোর সুবিধা দেয়া হয়েছে। এরপর প্রতিটি পরিবারে জ্বালানি সাশ্রয় কমাতে দেয়া হচ্ছে পরিবেশবান্ধব বন্ধু চুলা। গত মঙ্গলবার চারা বিতরণ উপলক্ষে বক্তব্য রাখেন- ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু, মাদ্রাসার সুপার আব্দুস ছাত্তার, রবি’র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাহার প্রমুখ।
নেত্রকোনায় এভিয়্যান ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাঁস বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ এভিয়্যান ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্ত ৬০ জন মহিলা হাঁস খামারীর মাঝে গতকাল বুধবার ৬০০ খাকি ক্যাম্বেল হাঁস বিতরণ করা হয়। জেলা প্রাণীসম্পদ অফিস আয়োজিত এবং জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতি খামারীকে ১০টি করে হাঁস বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসিরউদ্দিন খান, পৌর মেয়র প্রশান্ত রায় এবং জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আফতাব আহমেদ।
গৌরীপুর উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিককে (৬০) গৌরীপুর থানার পুলিশ মঙ্গলবা কলতাপাড়া বাজারের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম জানান, আটককৃত জামায়াতের আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে হরতালে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ রয়েছে।
কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা\ কালকিনি পৌর মার্কেট সংলগ্ন জায়গায় ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গত মঙ্গলবার সকালে পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, প্রায় একযুগ ধরে পৌর মার্কেট সংলগ্ন খোলা মাঠে ব্যবসা প্রতিষ্ঠান তুলে অবৈধভাবে দখল করে রাখেন ৮ ব্যবসায়ী। পৌর কর্তৃপক্ষ একাধিকবার নোটিস দিলেও তারা স্থাপনা সরায়নি। সবশেষে এ ৮ জনকে উচ্ছেদ করা হলো।
নবীনগরে শ্রেষ্ঠ চেয়ারম্যান নাছিরউদ্দিন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরউদ্দিন সরকার উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । ২০১২-২০১৩ অর্থবছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য গত মঙ্গলবার তাঁকে এ সম্মাননা দেয়া হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব্ জিয়াউল হক সরকার । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিমউদ্দিন উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষ মেলা শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি\ “গাছে গাছে ভরব দেশ গড়ব সোনার বাংলাদেশ”— এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষ মেলা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় শহরের বালুর মাঠে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এর আগে বৃক্ষ মেলা উপলক্ষে র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া বিসিকের এস্টেট অফিসারের আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি \ বগুড়া বিসিক শিল্পনগরীর গেস্ট হাউজের একটি কক্ষে রেজাউল করিম (৫৪) নামে এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার পুলিশ গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। রেজাউল করিম (৫৪) নামে ওই কর্মকর্তা বগুড়া বিসিকে এস্টেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। লাশ উদ্ধারকালে সেখানে ওই কর্মকর্তার হাতে লেখা একটি চিঠিও(সুইডাইড নোট) পাওয়া যায়। সেখানে তিনি দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকায় হতাশার কথা উল্লেখ করেছেন।
গলাচিপায় ইট-বালু ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন
গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপায় ইট, বালু ব্যবসায়ী ও শ্রমিকরা স্থায়ীভাবে ব্যবসা করার জন্য গলাচিপা ফেরিঘাট সংলগ্ন নদীর পাড়ে মানববন্ধন করেছেন। গত মঙ্গলবার মানববন্ধন শেষে স্থানীয় ইট, বালু ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.হারুন অর-রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেল্লাল হোসেন, মো.ফজলুর রহমান, মো.মোস্তাফিজুর রহমান, মো.সাহাবুদ্দিন, মো.মনিরুল ইসলাম, মো.হাবিব, মো.লিমন, প্রমুখ।
শিবগঞ্জের সীমান্তে ফেনসিডিলসহ ট্রলি আটক
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ গত মঙ্গলবার উপজেলার তেলকুপী বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোহাঃ শামসুল আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন অনুসন্ধানের ভিত্তিতে তেলকুপি গ্রামের একটি আমবাগান থেকে আমের ক্যারেটের মধ্যে ১২০২ বোতল ফেনসিডিল নিয়ে একটি ট্রলি কানসাটে যাবার পথে কাকড়াটোলার মোড় নামক স্থানে আটক করে।
ফরিদপুরে চাঁদাবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি\ চাঁদবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরে দোকান বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। গত মঙ্গলবার দুপুরে শহরের টেপাখোলা বেড়ীবাঁধ এলাকার ব্যবসায়ীরা মুজিব সড়কে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এ মানববন্ধনে বক্তব্য দেন রায়হান মীর, ছাত্তার মৃধা, জলিল শেখ, মিলনসহ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
শিবালয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা
শিবালয়(মানিকগঞ্জ)সংবাদদাতা\ মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি গ্রামে গত মঙ্গলবার দুপুরে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গেছে, নালী, দড়িকান্দি, নয়াকান্দি, শালজানা ও সরিষাবাড়ী গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এড. গোলাম মহীউদ্দিন। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মাসুম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খান মোহাম্মদ আজম প্রমুখ।
ইসলামপুরে জেলেদের উদ্বুদ্ধকরণ সেমিনার
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা\ ইসলামপুরে মঙ্গলবার “জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প”-এর আওতায় উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে আলোচনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মত্স্য কর্মকর্তা জান্নাত-এ-হুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ বারী মন্ডল, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, জেলা মত্স্য অধিপ্তরের সহকারী পরিচালক আবু হানিফা।
