লাল ও সবুজ দল সমানে-সমান

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
জাতীয় দলের ক্রিকেটাররা খুলনায় প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত। এর ফাঁকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে দু’ভাগে ভাগ হয়ে প্রস্তুতিমূলক দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সদস্যরা। দুটি ম্যাচে লড়াইটাও ছিল সমানে সমান। দুটি ম্যাচের একটি করে জিতেছে লাল দল ও সবুজ দল। আগামী নয় সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে সবুজ দলকে ২১ রানে পরাজিত করে লাল দল। প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেটে ১১৬ রান তোলার পর বল হাতেও দাপট দেখায় লাল দলের মেয়েরা। ফলে নয় উইকেটে ৯৫ রানের বেশি করতে পারেনি সবুজ দল। সালমা খাতুন ব্যাটিংয়ে ৩৪ রানের পর বল হাতেও নিয়েছেন তিনটি উইকেট। এছাড়াও দুটি করে উইকেট নেন জাহানারা আলম ও শায়লা শারমিন। তবে ঠিক এরপরের ম্যাচেই এই হারের শোধ নেয় সবুজ দল। লাল দলকে তারা তিন উইকেটে পরাজিত করে। এবারও প্রথমে ব্যাট করতে নামে লাল দল। তবে এবার ছয় উইকেটে মাত্র ৯৯ রান তোলে তারা। জবাবে ১৯ ওভার তিন বলে সাত উইকেট হারিয়ে এই টার্গেট টপকে যায় সবুজ দল। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। কোচ ওশাদি ভেরাসিং বলেন, ‘দলের অবস্থা এখন ভালো। সবাই ভালো করার চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আমরা দ্রুত দল ঘোষণা করব। আশা করি মেয়েরা ভালো কিছু করতে পারবে।’ অধিনায়ক সালমা নিজেদের ফিটনেস নিয়ে বললেন, ‘দলের মধ্যে সবাই ফিট আছে। আমাদের অনুশীলন ভালো চলছে। কোচ আসাতে আমাদের প্রস্তুতিটা আরও ভালো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ওখানকার (দক্ষিণ আফ্রিকা) উইকেট ও কন্ডিশন আমাদের থেকে অনেক ভিন্ন। ওরা বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত। আমাদের জন্য কিছুটা সমস্যা হলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো করার।’ মহিলা ক্রিকেটারদের অনুশীলন ম্যাচ ‘দলের অবস্থা এখন ভালো। সবাই ভালো করার চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আমরা দ্রুত দল ঘোষণা করব। আশা করি মেয়েরা ভালো কিছু করতে পারবে।’