বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে কোনো রাস্তা নেই। সমাধানের রাস্তা একটাই, এ সরকারকে সরাতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে গতকাল বুধবার ‘তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস’ উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভোট যেখানেই দেন, পড়বে নৌকায়। আমরা সে ভোটে যাব না। বদ্ধ ঘরে শ্লোগান দিলে হবে না। রাজপথে ছড়িয়ে পড়তে হবে। যেদিন রাজপথ নিয়ন্ত্রণে নিতে পারব, সেদিনই বিজয় নিশ্চিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে বলেছিলেন, নির্বাচনকালে সংসদ ভেঙে দেবেন, ছোট একটি মন্ত্রিসভা থাকবে, বিরোধী দল চাইলে তারাও ঐ মন্ত্রিসভায় থাকতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী এখন সবকিছু থেকে সরে গেছেন। এখন নিজেদের অধীনে নির্বাচনের কথা বলছেন।
ফখরুল বলেন, সরকার সংবিধানকে নিজেদের ইচ্ছেমত পরিবর্তন করেছে। সংখ্যাগরিষ্ঠ কিংবা তিনশ’ আসন পেলেও কেউ সংবিধানের তিনটি অনুচ্ছেদ সংশোধনী করতে পারবে না। এমন নিয়ম পৃথিবীর কোথাও নেই। জনগণের জন্য সংবিধান, জনগণ চাইলে তা সংশোধন হবে। আসলে এসব সিদ্ধান্ত একদলীয় বাকশালের প্রতিচ্ছবি।
সংগঠনের সভাপতি হাবীব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, রফিক হাওলাদার, সাহাবুদ্দিন মুন্না, দক্ষিণের আহবায়ক আলী রেজাউর রহমান রিপন, উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলী প্রমুখ।
