মঠ-মন্দির ও দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার জাতীয় কমিটির নেতৃবৃন্দ বলেছেন, দেবোত্তর সম্পত্তি আইন ২০১৩ নিশ্চিতভাবে হিন্দু ধর্মের জন্য সর্বনাশ ডেকে আনবে। এ কালো আইন প্রণয়নের মাধ্যমে এ দেশের হিন্দু সমাজের পবিত্র মঠ-মন্দির দেবস্থলি গ্রাস করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছে একটি চক্র। আমরা জীবন দিয়ে হলেও এ চক্রান্ত রুখে দেব।
গতকাল বুধবার রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ এ কথা বলেন।
কমিটির আহবায়ক সত্য রঞ্জন বাড়ৈ লিখিত বক্তব্যে বলেন, হঠাত্ করে গত ২৯ জুলাই ধর্ম মন্ত্রণালয় এক বিশেষ বৈঠক ডেকে আগামী ১২ সেপ্টম্বর শুরু হওয়া সংসদের শেষ অধিবেশনে আইনটি পাশের সিদ্ধান্ত নিয়েছে। অথচ সভায় মঠ-মন্দির ও দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার জাতীয় কমিটি, হিন্দু সমাজ সংস্কার কমিটি ও গৌড়ীয় মঠের প্রতিনিধিবৃন্দ এ সিন্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন। কিন্তু তারপরও এ আইনটি পাশের উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগ বন্ধের দাবিতে নেতৃবৃন্দ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
