রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বুধবার জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা পুলিশের একটি গাড়িসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে। এসময় পুলিশ ৮ জন শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
জানা যায়, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এলিফ্যান্ট রোড, হাতিরপুল, মহাখালী ও ফার্মগেট এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে। মন্ত্রিসভায় গত সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে করা খসড়ার চূড়ান্ত অনুমোদনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় জামায়াত ইসলামী।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামান জানান, বনানীর রসুলবাগে মুক্তিযোদ্ধা গলিতে মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। মহাখালী ফ্লাইওভারের দিকে যাওয়ার চেষ্টাকালে পুলিশ লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, তেজগাঁও কলেজের সামনে শতাধিক শিবির কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করার পর পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ
বাধা দিয়েছে:জামায়াত
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পূর্ব ঘোষিত জামায়াতের বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন জেলায় পুলিশ বাধা দিয়েছে। ঢাকা, গাইবান্ধা ও সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের প্রায় ২৫ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এক বিবৃতিতে তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলের নেতা-কর্মী ও আলেমদের মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মুফতি ওয়াক্কাসের মুক্তির
দাবিতে বিক্ষোভ
মুফতি ওয়াক্কাসসহ গ্রেফতারকৃত হেফাজত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। কামরাঙ্গীর চর জামিয়া নূরিয়া মাঠে গতকাল মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, মুফতি ওয়াক্কাসসহ হেফাজতের নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।
