শর্তের টাকা না দিলেও হলমার্ক চেয়ারম্যানের জামিন বহাল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
শর্ত অনুযায়ী একশ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিলেও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বহাল রেখেছে আদালত। হাইকোর্টে জেসমিনের জামিন বাতিল চেয়ে দুদকের আবেদন বিচারাধীন থাকায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক তা হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় রেখেছেন। গত ৪ আগস্ট এ আদালত জেসমিন ইসলামকে একশ কোটি টাকা প্রতিমাসে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার শর্তে জামিন দেয়। শর্তে আরও বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিতে পারলে জামিন বাতিল হবে। জেসমিন ইসলাম জামিন পাওয়ার পর গতকাল বুধবার প্রথম কিস্তির একশ কোটি টাকা জমা দেয়ার শেষ দিন ছিল। কিন্তু গতকাল জেসমিনের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নজিব উল্ল্যাহ হিরু আদালতে সরকারের পাওনা টাকার ব্যাপারে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার একটি প্রতিবেদন (স্টেটমেন্ট) আদালতে জমা দিয়ে বলেন, শর্তসাপেক্ষ কোন জামিনের বিধান আইনে নেই। তাই জামিনের এ বেঁধে দেয়া শর্ত বাতিলের জন্য তারা হাইকোর্টে আবেদন করেছেন যা শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া দুদক থেকেও জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। ঐ মামলায় হাইকোর্ট রুলও জারি করেছে। উচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় এ পর্যায়ে এই মামলার ব্যাপারে আদালতের কার্যক্রম স্থগিত রাখা হোক। আগামী ৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন বিচারক। তবে এর মধ্যে উচ্চ আদালতের কোন আদেশ আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।