এইমওয়ে চেয়ারম্যান রেদওয়ান গ্রেফতার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানি এইমওয়ে করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান রেদওয়ান বিন ইসহাককে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। তার বিরুদ্ধে গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পল্টন থানায় সাতটি মামলা রয়েছে। রেদওয়ান বিন ইসহাকের বাবার নাম মৃত মওলানা ইসহাক। গোপীবাগের ৯৫, আর কে মিশন রোডে রেদওয়ানের বাড়ি। পুলিশ জানায়, মঙ্গলবার রাত তিনটার দিকে রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে একজন প্রতারিত গ্রাহক দাবি করেছেন, প্রতারিত গ্রাহকরা বাড্ডার ঐ বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়। পল্টন থানার এসআই ফেরদৌস জানান, রাতে রেদওয়ান বিন ইসহাককে গ্রেফতার করে পল্টন থানায় আনা হলে শত শত প্রতারিত গ্রাহক থানায় উপস্থিত হন। এদের মধ্যে অন্তত ৫০ জন গ্রাহক তাদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে পৃথক পৃথক অভিযোগ করেছেন। এসব অভিযোগ যাচাই করে মামলা হিসাবে গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ৫ জুলাই পল্টন থানায় আবদুস সাত্তার নামের এক ব্যক্তি এমএলএম ব্যবসার নামে সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে এইমওয়ে করপোরেশনের চেয়ারম্যান রেদওয়ান বিন ইসহাকের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া আরো কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।