সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের নেহার মার্কেটে গতকাল বুধবার সন্ধ্যায় ফিল্মি স্টাইলে ডাকাতি হয়েছে। এই মার্কেটের নিচতলায় অনেকগুলো সোনার দোকান রয়েছে।
রাত সোয় ৮টার দিকে একদল দুর্বৃত্ত একের পর এক বোমা আর মুহুর্মুহু গুলি করে পুরো এলাকায় চরম আতংক সৃষ্টি করে। এসময় ওই এলাকায় বিদ্যুত্ও ছিল না। বোমা আর গুলির শব্দে লোকজন প্রাণ ভয়ে পালাতে থাকে। অন্যদিকে ডাকাতরা নেহার মার্কেটের ৫-৬টি সোনার দোকানের সকল মালামাল লুটে নিয়ে যায়। তাদের ছোঁড়া গুলিতে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কেটের পাহারাদার বাদশাহ মিয়া (৪০) নিহত হয়েছেন।
খবর পেয়ে র্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এদিকে ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন রাতে সড়ক অবরোধ করে রাখে। তারা কয়েকটি গাড়িও ভাংচুর করেছে। পুরো নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে।
সন্ধ্যা রাতে এমন ডাকাতির ঘটনায় মানুষ হতবাক হয়ে পড়েছেন।
