আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডীন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সার্জারি, বেসিক ও ডেন্টাল চিকিত্সা অনুষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আবেদন প্রত্যাহার করেছেন। এই তিনটি অনুষদে একক প্রার্থী থাকায় তিনজনকে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এই তিনজন হচ্ছেন- সার্জারী অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বেসিক চিকিত্সা অনুষদের ডীন অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও ডেন্টাল চিকিত্সা অনুষদের ডীন অধ্যাপক ডা. আলী আজগর মোড়ল। মেডিসিন চিকিত্সা অনুষদের নির্বাচনে শুধু ভোট গ্রহণ করা হবে। এই অনুষদের ডীন প্রার্থীরা হচ্ছেন, বর্তমান ডীন ও স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) সমর্থিত প্রার্থী। অপরজন মেডিসিনের অধ্যাপক ডা. আকরাম উল্লাহ সিকদার। তিনি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সমর্থিত প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১৭৯। সকাল ৯টা থেকে একটানা বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশনার ও বিএসএমএমইউ’র রেজিস্ট্রার সাইদুর রহমান জানিয়েছেন।
