হেফাজত বিরোধী মতিঝিল অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশরাফুল ইসলাম গতকাল বুধবার এই অভিযোগ মহানগর হাকিম আদালতে দাখিল করেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার মহানগর হাকিম জয়নব বেগমের আদালতে এ প্রতিবেদন উপস্থাপন করা হবে। তবে তথ্য প্রযুক্তি আইনের অভিযোগ হওয়ায় এর গ্রহণযোগ্যতার শুনানি হবে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে। আদালত প্রতিবেদনটি গ্রহণ করলে ওই সাধারণ ডায়রির ভিত্তিতেই আদিল ও এলানের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হবে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৫ মে মতিঝিলে পুলিশের ওই অভিযানের রাতে কেউ নিহত হননি বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান পলাতক বলে জানান মনিরুল ইসলাম।
পুলিশের অভিযোগপত্রে বলা হয়, আদিল ও এলান ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্য সম্বলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে, আইন-শৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালায় এবং আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে বিদেশে চরমভাবে ক্ষণ্ন করে। পাশাপাশি তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিরূপ মনোভাবের সৃষ্টি করে, যা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারায় অপরাধ।
