বাংলায় প্রবাদ আছ, যেখানে পাইবে ছাই, কুড়াইয়ে লইবে তাই; পাইলেও পাইতে পার অমূল্য রতন। খেলাচ্ছলে মানুষ অনেক সময় অনেক কিছুই পেতে পারে। সেটা প্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় না হলেও দুর্লভ কিছু হতে পারে। রাশিয়ার কয়েকজন যুবক সাঁতার কাটতে গিয়ে আবিষ্কার করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কামানের গোলা!
রাশিয়ার উরাল অঞ্চলের পুলিশ জানিয়েছে, চারজন যুবক তাদের স্থানীয় পুকুরে সাঁতার কাটতে যায়। তারা একটি দুর্লভ বস্তু পুকুরের পানিতে পায় এবং বাড়িতে নিয়ে আসে। এরপর তারা ইন্টারনেটে বস্তুটির ছবি প্রকাশ করে। এই ছবি পুলিশও দেখতে পায়। পুলিশ গিয়ে বস্তুটি পরীক্ষা করে দেখতে পায় বস্তুটি সাধারণ কোনো কিছু নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামানের গোলা। এটি সক্রিয় ছিল। বোমা বিশেষজ্ঞের একটি দল গোলাটিকে নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই এলাকায় আর কোনো গোলা বা অন্য কিছু আছে কিনা তার খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে। -ইউপিআই
