সুস্মিতা আনিসের কণ্ঠে ‘ও মন রমজানের ওই রোজার শেষে’

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:০২

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসের কণ্ঠে আগামীকাল প্রকাশ পাচ্ছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ গানটি।

গানটির নতুন করে সঙ্গীত করেছেন অদিত। সুম্মিতা আনিস জানান, ২৫ মে থেকে গানটির ভিডিও দেখা যাবে তাঁর ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের সঙ্গে ভারতেও গানটির উর্দু সংস্করণে প্রকাশ পাবে বলেও জানান তিনি।

সুস্মিতা আনিস বলেন, ‘নজরুলসঙ্গীত দিয়েই তো আমার গানের জীবনে পথচলা শুরু। নজরুলের বিভিন্ন গান করেছি আমি। কিন্তু এই গানটি এর আগে করা হয়নি। তাই ভাবলাম একটু অন্যভাবে আয়োজন করে যদি গানটি করা যায় কেমন হয়। সেই ভাবনা থেকেই আমি আর অদিত গানটি তৈরি করেছি।’

মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উত্সব ঈদুল ফিতর নিয়ে কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ বাঙালি মুসলমানের ঈদ উত্সবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদের অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। লেখার ৪ দিন পর শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার ২ মাস পর ঈদের ঠিক আগে আগে এই গানটি প্রকাশ করা হয়েছিল।