গত কয়েক মাস ধরে শেয়ারবাজারে জ্বালানি খাতের প্রাধান্য দেখা গেলেও চলতি সপ্তাহে এ ধারায় ছেদ পড়েছে। গত দুই কার্যদিবস লেনদেনের শীর্ষে ছিল ফার্মাসিউটিক্যালস খাত। আর গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেনের শীর্ষে ছিল পোশাক খাত। এ খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশ। এরপরই ছিল ফার্মাসিউটিক্যালস খাতের অবদান।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১১৮ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার ডিএসইর নিয়মিত পর্ষদ সভায় এ অনুমোদন দেয়া হয়। ৩১ জুন ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফারইস্ট ফাইন্যান্সের (রিভ্যালুয়েশন রিজার্ভসহ) নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৬.৫৭ টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪ পয়সা। ফারইস্ট ফাইন্যান্স পুঁজিবাজারে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা উত্তোলন করে।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি ২০০ কোটি টাকা মূল্যের সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে। এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ৬ অক্টোবর ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ সেপ্টেম্বর। ইজিএমের স্থান পরে জানাবে প্রতিষ্ঠানটি।
