চাটমোহরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২১
পাবনার চাটমোহরে গতকাল বৃহস্পতিবার সকালে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-২) প্রকল্পের আওতায় এই হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অ্যাড. একেএম শামসুদ্দিন খবির। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ। এ সময় সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা বরদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ময়না খাতুন, ছাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান ও অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র মোঃ হাসিবকে হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রতিবন্ধী এই তিন শিশুর লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন।