সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ বরগুনা, খুলনা, চট্টগ্রাম, রংপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ছাতক (সুনামগঞ্জ)
ছাতকে গত বুধবার দুপুরে নিজ বাড়িতে কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে দানিস মামন্দ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। তাকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
বরগুনা (দক্ষিণ)
বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলীয় গত বুধবার জমি সংক্রান্ত বিরোধে মা সফুরা বেগমকে (৭৫) মাথায় আঘাত করে হত্যা করেছে ছেলে। বেতাগী থানা পুলিশ বৃদ্ধার ছেলে সানুকে (৩০) গ্রেফতার করেছে। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা
খুলনার তেরখাদা উপজেলার কোলাখাল থেকে গত বুধবার দুপুরে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে তেরখাদা থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, ৮/১০ দিন আগে তাকে মেরে আতাই নদীতে ফেলে দেয়া হয়েছে। জোয়ারের পানিতে লাশটি ভেসে স্লুইস গেটে আটকে ছিল।
চট্টগ্রাম
নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারে ওয়েল্ডিং করার সময় গত বুধবার রাতে দু‘জন শ্রমিক বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তোফাজ্জল (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাদের সিএমএইচে ভর্তি করা হয়েছে।
রংপুর
রংপুর মহানগরীর শতরঞ্জিপাড়া যুগীটারী এলাকায় গত বুধবার রাতে নেশার টাকা না পেয়ে স্ত্রী সালমা বেগমকে (২২) পিটিয়ে হত্যা করেছে স্বামী। আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কিশোরগঞ্জ
হোসেনপুর উপজেলার সাহেদল পূর্বপাড়া গ্রামে গত বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন হালিমা খাতুন (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে আ. মজিদের কন্যা। সে ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে হোসেনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদার মুন্সীপুর গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাকিল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাকিলের বাবা বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত ছেলে সাকিল বিদ্যুতের তারে হাত দিলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌগাছা (যশোর)
যশোরে চৌগাছায় গতকাল বৃহস্পতিবার ভোরে ফেন্সিডিল খাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছে। সে উপজেলার বুন্দেলীতলা গ্রামের মোংলা বিশ্বাসের ছেলে ও নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি । প্রতিপক্ষের লাঠির আঘাতে সে মাটিতে লুুটিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় প্রথমে চৌগাছা হাসপাতালে নিলে পরে তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে যমুনা সেতু পার হবার পর বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে চৌগাছা থানায় আটজনের নাম উল্লেখ করে আমিরুলের মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। যশোর জেলা পুলিশ সুপার জয়দেব ভদ্র্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে গত বুধবার রাতে পাশের বাড়িতে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে মায়ের সাথে অভিমান করে রেখা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে ফজলার ফকিরের মেয়ে। সে পেশায় তাঁত শ্রমিক ছিল। শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সেনবাগ (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামে গত বুধবার রাতে কাশির ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক খেয়ে সীমা আক্তার (১০) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে আবদুস সালামের মেয়ে ও স্থানীয় জয়নগর ওয়াজেদিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। ফেনী সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।
