অসুস্থ পিতা-মাতা ও পরিবারের সদস্যদের দেখতে দুবাই থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর পরই দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছে প্রবাসী জহিরুল ইসলাম। জহিরুল বাড়ি ফিরে আসবে এই অপেক্ষার পর বাড়ি না আসায় ঘটনার ৯ দিন পর গত বুধবার পিতা আবুল মিয়া থানায় সাধারণ ডায়রি করেছেন। জহিরুলকে না পেয়ে ঐ পরিবারে চলছে শোকের মাতম। তার পরিবারের অভিযোগ, অপরাধীরা জহিরুলকে অপহরণের পর খুন করে নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
বুধবার জহিরুলের দিনমজুর পিতা আবুল হোসেন ও দুই বোন ফরিদা ও পাপিয়া মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করেছে তাকে উদ্ধারের জন্য। থানায় ডায়রি করে সাংবাদিকদের কাছে কান্নায় ভেঙ্গে পড়ে ঘটনার বর্ণনা দিয়েছে অসহায় পরিবারটি। ছেলেকে না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে দিনমজুর আবুল মিয়া।
