দামুড়হুদা ও শাহজাদপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ১৫

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
উপজেলার গোবিন্দহুদা গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু জবাইয়ের পর কসাই ও মহিলাসহ ৮ জন আক্রান্ত হয়েছে। দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স নিশ্চিত হয়ে আক্রান্তদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার গোবিন্দহুদা গত সপ্তাহে আমির চাঁদের একটি গরু অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কসাই শাহাবুদ্দীনের কাছে গরুটি বিক্রি করে দেয়। পরদিন গরুটি বাজারে জবাই করে মাংস বিক্রির সময় কসাই ও স্থানীয় লোকজন মাংস নাড়াচাড়া করলে কসাই শাহাবুদ্দীন ও লোকজনের হাতের তালু লাল হয়ে চুলকানি শুরু হয়। এলাকাবাসীর সন্দেহ হলে স্থানীয় দামুড়হুদা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সকের সন্দেহ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেন (ভারপ্রাপ্ত) জানান, আক্রান্তদের খোঁজ-খবর নেয়া ও প্রয়োজনীয় চিকিত্সা সেবা প্রদান করা হচ্ছে। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার উপজেলার চরকৈজুরি গ্রামে অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। এ গ্রামে মুকুল শেখ গত ২৫ আগস্ট তার একটি অসুস্থ গরু জবাই করে গ্রামেই কম দামে মাংস বিক্রি করে। গরুর মাংস কাটা ছেঁড়া ও ধোয়ার কারণে চরকৈজুুরি গ্রামের আব্দুল্লার স্ত্রী মনজুয়ারা, লিটনের স্ত্রী বিলকিস, শরীফের স্ত্রী সুফিয়া খাতুন, রহম আলীর শিশু কন্যা শোনেকা ও পার্শ্ববর্তী উল্টাডাব গ্রামের কসাই টোকোন ও তার সহযোগী আরিফুল, শফিকুল অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা এদের চিকিত্সার জন্য শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।