নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। এ সময় ওই বিবাহের আয়োজক ৫ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদার পাড়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে আলেয়া ফেরদৌসী (১২) উপজেলার সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত বুধবার ওই ছাত্রীর বিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে পূর্বধলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহ বন্ধ করেন।
এ সময় বিবাহের আয়োজক জোয়ারদার পাড়া গ্রামের মিরাজ আলীর স্ত্রী সেলিনা (৪০), ছৈয়দ আলী (৬০), মিস্টার আলী (৬০), সজল (৩০) ও সালমা (৭০) প্রত্যেককে বাল্য বিবাহ নিরোধ আইনে এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
