ঈদ উপলক্ষে নতুন নোট পাওয়া যাবে বুধবার থেকে

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:২৩

ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার থেকে নতুন টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ৩০ মে পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন অফিসের পাশাপাশি ২৯টি বাণিজ্যিক ব্যাংকের ৩০টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ৩০টি শাখার মাধ্যমে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট বদলে নেওয়ার সুযোগ থাকবে। একই ব্যক্তি একাধিকবার নতুন টাকার নোট বদলে নিতে পারবেন না। এজন্য আগের মতই ফিংগার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে সেগুলো হলো-এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট ও রাজারবাগ শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব কর্পোরেট রোড শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, দি প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এ্যালিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের, গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় নতুন টাকার নোট বদল করে নিতে পারবেন গ্রাহকরা।

নতুন নোট বিতরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ বলেন, রোজা ও ঈদ উপলক্ষে গ্রাহকদের চাহিদামাফিক নতুন টাকার নোট বিনিময় করা হবে। বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এ নতুন নোট দেওয়ার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আসল ব্যাংক নোটের বৈশিষ্ট্য চেনা এবং জাল নোটের সতর্কতার বিষয়ে ব্যাংকের টিভি মনিটরে ভিডিও চিত্র প্রচার করতে সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।