আর ঘরে বসে থাকার সময় নেই :ফখরুল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর ঘরে বসে থাকার সময় নেই। ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশে এখন সাংস্কৃতিক আগ্রাসন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পল্টন কমিউনিটি সেন্টারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) আয়োজিত এক আলোচনায় তিনি আরো বলেন, এ দেশের অস্তিত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। সংগঠনের সভাপতি এম এম মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, জাসাস সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক উজ্জল, সহ-সভাপতি বাবুল আহম্মেদ, ইমতিয়াজ হোসেন চপল, ছড়াকার আবু সালেহ প্রমুখ। এদিকে গতকাল জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি বলেন, সংবিধান বাইবেল বা কোরান নয় যে, তা পরিবর্তন করা যাবে না। এটা জনগণের জন্য। তাই, জনগণের দাবি মেনে সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। সরকার জনগণকে সংবিধান খাওয়ানোর যে চেষ্টা করছে, তা সফল হবে না। সংগঠনের সভাপতি ইনসানুল আলম আক্কাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন, যুব জাগপা’র সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সিকদার প্রমুখ। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের যত রকম কৌশল আছে, তা প্রয়োগ করতে হবে এবং সরকারকে বাধ্য করেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন আদায় করতে হবে।