উইকিলিকসে নথি সরবরাহ

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন ব্রাডলি ম্যানিং

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকসকে গোপন নথিপত্র সরবরাহ করার অপরাধে সাজাপ্রাপ্ত আলোচিত মার্কিন সেনা ব্রাডলি ম্যানিং। সাজা মওকুফের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টের অনুকম্পা চেয়েছেন। গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত ম্যানিংকে ৩৫ বছরের কারাদন্ড দেয় । সাজা ঘোষণার পর তিনি নিজেকে একজন নারী দাবি করে নতুন নাম নিয়েছেন চেলসি ম্যানিং। খবর বিবিসি ও রয়টার্সের। ম্যানিংয়ের ব্যক্তিগত ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানা যায়, আইনজীবী ডেভিড কমবস ম্যানিংয়ের হয়ে ক্ষমা চেয়ে একটি আবেদন করেছেন। চিঠিতে কমবস বলেন, ‘আমি আপনার কাছে ম্যানিংয়ের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার এবং একটি ইতিবাচক পদক্ষেপ নেয়ার আবেদন জানাচ্ছি। আমি তার কারাদণ্ডের মেয়াদ কমিয়ে দেয়ার বা তাকে সম্পূর্ণ ক্ষমা করার আবেদন করছি।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিষয়টি সমর্থন করে যে চিঠি দিয়েছে সেটাও আবেদনপত্রের সঙ্গে সংযোজন করা হয়েছে। এই ক্ষমা প্রার্থনার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে এই আবেদন অন্যসব আবেদনের মতোই বিবেচনা করা হবে। কারাদণ্ডাদেশ ঘোষণার একদিনের মাথায় এক বিবৃতিতে ম্যানিং নিজেকে নারী দাবি করেন এবং বাকি জীবন চেলসি ম্যানিং নাম নিয়ে পার করে যেতে চান। কারাগারে হরমোন চিকিত্সাও চান তিনি। এখন থেকে নতুন নাম চেলসি ধরে ডাকতে এবং সর্বনাম হিসেবে স্ত্রী বাচক শব্দ ব্যবহার করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।