প্রতিদিন নদী সাঁতরে অন্যপারের স্কুলে গিয়ে পাঠদান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
মা-বাবা জন্মদাতা হলেও একটি শিশুকে মানুষ করে তোলেন শিক্ষকরা। সেই শিক্ষকরা যদি ক্লাস না করে ফাঁকি দেন তাহলে তাদের কাছ থেকে হয়তো শিক্ষার্থীরা কিছু শিখবে না। কিন্তু শিক্ষক নিষ্ঠাবান হলে শিক্ষার্থীরা তার কাছ থেকে হয়তো অনেক কিছুই শিখতে পারে। আর এরকম নিষ্ঠাবান শিক্ষকের সন্ধান পাওয়া গেছে ভারতে যিনি শিক্ষার কাজে প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যান! আব্দুল মল্লিক নামের চল্লিশ বছর বয়সী ওই শিক্ষক প্রতিদিন সকালে নদী সাঁতরে অন্যপারে গিয়ে শিক্ষা দেন। কোমরে বাসের একটি টায়ার জড়িয়ে এক হাতে টিফিন বক্স এবং জুতা উপরে তুলে ধরেন। গত বিশ বছর ধরে এইভাবে স্কুলে আসছেন তিনি। মল্লিক জানান, বাসে আসলে তাকে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কিন্তু নদী সাঁতরে গেলে অল্প সময় লাগে। স্কুলে সঠিক সময়ে পৌছানো যায়। তার এই নিয়মানুবর্তিতার জন্য স্কুলে অন্য শিক্ষকদের চেয়ে তার সম্মানটাও একটু বেশি। তাকে শিক্ষার্থীরা পছন্দ করেন। জাহাঙ্গীর নামে সাত বছরের এক ছাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, বড় হয়ে তুমি কার মতো হতে চাও? তার উত্তর ছিল শ্রদ্ধেয় মল্লিক স্যারের মতো। - এনডিটিভি