আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখতে একটি মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামীকাল শনিবার ব্রাসেলস থেকে ঢাকা আসবে এই মিশন। ইইউ সদর দপ্তরের পলিসি অফিসার বালথাসার বেনজের নেতৃত্বে মিশনটি বাংলাদেশে দুই সপ্তাহ থাকবে।
বাংলাদেশের প্রতিটি সংসদ নির্বাচনে বড় আকারের পর্যবেক্ষণ মিশন পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ ২০০৮ ছাড়াও ২০০১, ১৯৯৬ ও ১৯৯১ সালের সংসদ নির্বাচন বিস্তৃত আকারে পর্যবেক্ষণ করে ইইউ। ইইউ’র মূল পর্যবেক্ষণ মিশনের আগে এই মিশন সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবে। পাঁচ সদস্যের এই প্রাক মিশন নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে মতবিনিময় করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও নির্বাচন কমিশন, প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি, গণমাধ্যম প্রতিনিধি, বেসরকারি এনজিও কর্মকর্তা, গবেষকসহ বিভিন্ন সেক্টরের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। সংসদ নির্বাচনের পরিবেশ, প্রস্তুতি, উপযোগিতা খতিয়ে দেখবে তারা। এই মিশনের রিপোর্টের ভিত্তিইে নির্বাচনকালীন মিশনের কাঠামো ও কার্যক্রম নির্ধারণ করবে ইইউ সদর দপ্তর।
