সংলাপ হবে নির্বাচন হবে :অর্থমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৩
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে যথাসময়ে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। তিনি নির্বাচনের ব্যাপারে বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। দেশে রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর মধ্যে সংলাপ হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউজে কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। কাস্টমস কমিশনার মাসুদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ?প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, নৌ সচিব সৈয়দ নজরুল ইসলাম, এনবিআর সদস্য (শুল্ক) ফরিদ উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজস্ব আদায় বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য কাস্টমস কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে তখন আন্তর্জাতিক মন্দার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। গত পাঁচ বছরে সে মন্দার কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। চট্টগ্রাম কাস্টমস হাউজে লোকবল সংকটের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, বর্তমানে কাস্টমসে ১২শ লোকের বিপরীতে রয়েছে মাত্র ৫শ জন। এটা দুর্ভাগ্যজনক। বিগত সরকারের সময়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন। মন্ত্রী পরে চট্টগ্রামের কর্ণফুলি নদীর অপর পাড়ে মেরিন একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।