দেশে সাক্ষরতার হার ৭১ ভাগ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৪
বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭১ ভাগ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন বলেছেন, বিগত সাড়ে চার বছরে বর্তমান সরকার সাক্ষরতার হার ১৯ ভাগ বৃদ্ধি করেছে। আমরা সাক্ষরতার হার বাড়িয়ে ৭১ ভাগে উন্নীত করেছি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবার সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘আমরা সবাই হবো সাক্ষর আর দক্ষ, একুশ শতকে এই আমাদের লক্ষ্য’। আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করা হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিগত সময়ে (১৯৯৬-২০০১) সাক্ষরতার হার ৬২ ভাগে উন্নীত হয়েছিল; কিন্তু বিগত চারদলীয় জোট সরকারের সময়ে তা ৫২ ভাগে নেমে আসে। বিএনপি সরকার উপানুষ্ঠানিক শিক্ষাসহ বিভিন্ন কর্মসূচি বন্ধ করে দেয়ায় সাক্ষরতার হার কমে যায়। এই সরকার রস্ক প্রকল্প, আনন্দ স্কুল প্রতিষ্ঠা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোকে কার্যকরসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করায় সাক্ষরতার হার আবারো বেড়েছে। গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ১৫ থেকে ৪৫ বছর বয়সের মানুষকে সাক্ষর করার লক্ষ্য নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন।