পাঁচবিবি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হিমালয় থেকে উত্পত্তি হয়ে বেরিয়ে আসা ছোট যমুনা নদী এখন শুধুই স্মৃতি, নদীর বুকে স্বচ্ছ জলের ঢেউয়ের বদলে দোলা দিচ্ছে সবুজের সমারোহ। নদীর বুক চিরে আর চলে না সওদাগরদের নৌকা, স্রোতের প্রকট শব্দে ঘুম ভাঙে না নদী পাড়ের বসতিদের। স্বচ্ছ জলের মনমাতানো ঢেউয়ের বদলে নদীর বুকে শোভা পাচ্ছে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলাদি। ছোট ছেলেরা খেলছে ফুটবল, ক্রিকেট। পুনঃখনন করে নদীর নাব্যতা আবার ফিরিয়ে এনে এই নদীর পানি দিয়ে কৃষকদের কৃষি কাজ, জেলেদের জীবিকাসহ দিন আনা-খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।
