তিস্তার ভাঙন ঠেকানোর দাবিতে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত শুক্রবার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রাম, বোচাগাড়ি, বাংলা বাজার উজান তেওড়ায় নদী ভাঙ্গন ঠেকানোর দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ শফিউল আলম, চণ্ডিপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ, আ. খ. ম. হাফিজুর রহমান, প্রধান শিক্ষক নুরুন্নবী প্রমুখ।
গত কয়েকদিনের ভাঙ্গনে প্রায় ৫ শতাধিক পরিবারের বসতভিটা, বাঁশ ঝাড়, ফসলী জমি, আম বাগান, পানের বরজ, মসজিদ, মন্দির তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে পূর্ব উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয়, বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। ভাঙ্গন অব্যাহত থাকলে ২/১ দিনের মধ্যেই ছয়ঘড়িয়াসহ বিস্তীর্ণ অঞ্চল বিলীন হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত পরিবারের আফরোজা, লিলিমা, আবুল, শামছুন্নাহারসহ কয়েকজন জানান- ভিটে হারিয়ে তারা বেড়িবাঁধে ঠাঁই নিয়েছেন। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ জানায়, ভাঙ্গন ঠেকানোর মত ফান্ড তাদের নেই। ইউএনও আহসান হাবিব জানান, ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
