টেকনাফে ট্রানজিট জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৪
টেকনাফে ৩৫ কোটি টাকা ব্যয়ে মিয়ানমার ট্রানজিট জেটি ও নাফনদী বেড়ীবাঁধ নির্মাণে পৃথক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ বিওপি বিজিবি সংলগ্ন পৌরসভার চৌধুরীপাড়ায় জেটি ও বাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলমগীর, কক্সবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনুদ্দীন, উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ সায়দুল ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিক মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুজাহিদউদ্দীন, টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনউল্লাহ, কক্সবাজার পাউবোর উপ-প্রকৌশলী গিয়াসউদ্দীন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহেদ হোসন, আবুল কালাম, মোঃ আলম বাহাদুর ও আব্দু শুক্কুর সিআইপি প্রমুখ। টেকনাফ উপজেলা প্রকৌশলী মোঃ আমিনউল্লাহ জানান, লার্জ ব্রীজ নির্মাণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টেকনাফে মিয়ানমার ট্রানজিট ঘাটে ২৩ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা ব্যয়ে ৫৫০ মিটার দৈর্ঘ্য জেটি নির্মাণ করবে। কক্সবাজার পাউবোর উপ-প্রকৌশলী গিয়াসউদ্দীন জানান, নাফনদী বেড়ীবাঁধের ৬৮ নং পোল্ডারে ১২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে বাঁধে প্রতিরক্ষামূলক কাজ করা হবে। টেকনাফ থেকে শাহপরীর দ্বীপের কয়েক স্থানে বাঁধ ও ১২শ’ মিটার ব্লক স্থাপন করবে। এ বাঁধের কাজ আগামী বছরের জুন মাসে শেষ হবে বলে তিনি জানিয়েছেন।