পৃথক ঘটনায় ৮ জন নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৪
যশোরের অভয়নগর, বড়াইগ্রাম, গলাচিপা, দোহাজারীসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৮ নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। অভয়নগর (যশোর) যশোরের নওয়াপাড়ায় গত বৃহস্পতিবার ভৈরব নদে বার্জ থেকে ইউরিয়া সারের বস্তা মাথায় নিয়ে নামার সময় নদীতে পড়ে গিয়ে এনায়েত করিম (৪৫) নামের এক হ্যান্ডলিং শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি মনিরামপুর উপজেলার আর সিংগাড়ী গ্রামে। বড়াইগ্রাম (নাটোর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরে গত বৃহস্পতিবার বিষাক্ত সাপের দংশনে আজিজুল হক (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল কালিকাপুর মহল্লার শাহ আলমের ছেলে। নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। গলাচিপা (পটুয়াখালী) গলাচিপার পূর্ব গোলখালী গ্রামে গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেলার পথে সাপের কাপড়ে আবুল কালাম আজাদ (৪৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মুর্মূষু অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম আজাদ উপজেলার বড় মুল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দোহাজারী (চট্টগ্রাম) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকায় গত বৃহস্পতিবার সকালে কচু ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দিনমজুর রমজান আলীর (৪৫) মৃত্যু হয়। তার বাড়ি রংপুর। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে বন্যার পানিতে ডুবে আব্দুর রহিম (২) এক শিশুর মৃত্যু হয়েছে। সে বেলাল উদ্দিনের ছেলে। নীলফামারী পারিবারিক ব্যাপারে স্বামীর সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে তাসকিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম দোলাপাড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচয়ের হিদাডাঙ্গায় গতকাল শুক্রবার দুপুরে বাশের সাকো পার হওয়ার সময় বজ্রপাতে মো. রবিউল মোল্লা (৩০) নামে এক কৃষকের মৃতু এবং আরো ২ জন আহত হয়েছেন। নিহত রবিউল ফলিয়া গ্রামের মো. রাজ্জাক মোল্লার ছেলে। আহতরা হলেন, কানাই শিকদারের ছেলে বাবুল সিকদার (৪৫) ও রাজ্জাক মোল্লার ছেলে বদিয়ার (৩৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুমিল্লা কুমিল্লা মহানগরীর তালপুকুরপাড়ে গত বৃহস্পতাির ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে আলাপী (১৪) নামে এক গৃহ পরিচারিকা মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।