নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৬ মাস পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, নাটক প্রদর্শনী ও শীতলক্ষ্যা নদীতে ‘আলোক ভাসান’ এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব মফিদুল হক বলেন, ‘ঐতিহ্যবাহী জোহা পরিবারে কলঙ্ক তৈরি করছে তার পরিবারের সন্তানরা। ত্বকী হত্যার বিচার করা প্রধানমন্ত্রীর জন্য এখন একটি দায়।’
অনুষ্ঠানে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, আগামী নির্বাচনে শামীম ওসমান ও নাসিম ওসমানদের মত লোকজনদের যাতে মনোনয়ন দেয়া না হয় সেজন্য নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান থাকবে।
‘শীতলক্ষ্যায় আর কোন লাশ নয়, ত্বকী হত্যার বিচার চাই’ শীর্ষক ব্যানারে পুরো কর্মসূচির আয়োজনে ছিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমী ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
