ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৩৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এম-৫৫ ব্যাচের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে এক রিকশাচালকের শ্লীলতাহানির প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত কলেজের একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভা হয়। সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের নারী শিক্ষার্থীকে রিকশাচালকের শ্লীলতাহানির ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীরা শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসান সরকার বলেন, আমরা অবিলম্বে ওই রিকশাচালককে আটক, কলেজ হোস্টেলের গেটে সার্বক্ষণিক গার্ড, লেডিস হোস্টেলের গেটসহ পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আনসার নিয়োগ ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানাই।