সাতক্ষীরায় বিএনপি সমাবেশে সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। আহতদের মধ্যে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার আলী, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, শহর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, তরুণ দলের আব্দুল আলিম ও আমিনুল ইসলাম। গতকাল সকালে কর্মী সমাবেশে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব গ্রুপ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম। প্রধান অতিথির সামনেই এ ঘটনা ঘটে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জানান, সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব। সভাপতির স্বাগত বক্তব্য শেষ হতেই বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় । এর পর দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। দুই গ্রুপের কর্মীরা হাতে হাঁসুয়া, রড ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শিল্পকলা একাডেমী চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের তাত্ক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে আশংকাজনক অবস্থায় খুলনা ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান।