সড়কে ধান রাখা নিয়ে সংঘর্ষ হবিগঞ্জে মহিলাসহ আহত ৩০

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৩৭

হবিগঞ্জে সড়কে ধান রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। আহত ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গত বুধবার দুপুরে সদর উপজেলার কালনী-নোয়াবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মলাই মিয়া তার জমি থেকে কেটে আনা কিছু ধান রাস্তায় শুকানোর জন্য রাখে। এসময় একই গ্রামের স্বপন মিয়াসহ কয়েক ব্যক্তি একই রাস্তা দিয়ে ধান ভাঙানোর মেশিন নিয়ে যাচ্ছিল। আর এতে রাস্তায় ধান রাখার কারণে মেশিনটি নিয়ে যাওয়া যাচ্ছিল না। এনিয়ে মলাই মিয়া ও স্বপনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন খবর পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।