বিমানের হজ্ব ফ্লাইট আজ শুরু, কাল সৌদিয়ার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫২
এবারের হজ্ব ফ্লাইট আজ শনিবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন বিমানের তিনটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী লে.কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বিমানের হজ্ব ফ্লাইট উদ্বোধন করবেন। ঢাকা ছাড়াও বিমান চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে হজ্ব ফ্লাইট পরিচালনা করবে। আর আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে সৌদি এয়ারলাইন্সের হজ্ব ফ্লাইট। হজ্ব শেষে বিমানের ফিরতি ফ্লাইট ১৯ অক্টোবর শুরু হবে। অপরদিকে সৌদিয়ার ফিরতি ফ্লাইট শুরু ২১ অক্টোবর থেকে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হজ্ব অফিসের পরিচালক বজলুল হক বিশ্বাস গতকাল শুক্রবার বিকালে ইত্তেফাককে বলেন, গতকাল পর্যন্ত তিন দিনে আশকোনা হজ্ব ক্যাম্পে এক হাজার ৫৪৮ জন হজ্বযাত্রী রিপোর্ট করেছেন। তিনি জানান, হজ্ব ফ্লাইট নিয়ে কোন সমস্যা নেই। বিমানের ভাড়া করা কাবো উড়োজাহাজ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নির্ধারিত সময়ে পৌঁছার কথা রয়েছে। কোন কারণে উড়োজাহাজ পৌঁছাতে বিলম্ব হলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আজ বেলা পৌনে দুইটায় ৫৮০ জন হজ্বযাত্রী নিয়ে বিমানের উদ্বোধনী ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কাবো উড়োজাহাজ না পৌঁছালে বিমানের অপর উড়োজাহাজে ৪৪৬ জন হজ্বযাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইট ছেড়ে যাবে। বিমানের দ্বিতীয় ফ্লাইট বিকাল পৌনে চারটা এবং তৃতীয় ফ্লাইট সন্ধ্যা পৌনে সাতটায় ছেড়ে যাবে। তিনি আরও জানান, সৌদি এয়ারলাইন্স তাদের হজ্ব ফ্লাইট আগামীকাল রবিবার থেকে শুরু করবে। সৌদিয়ার প্রথম ফ্লাইট সকাল সাড়ে নয়টা, দ্বিতীয় ফ্লাইট বেলা দেড়টা এবং দিনের সর্বশেষ তৃতীয় ফ্লাইট সন্ধ্যা সাড়ে ছয়টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। হজ্ব অফিস জানায়, এবার বিমান হজ্বযাত্রী পরিবহনে মোট ৯২টি ডেডিকেটেড ফ্লাইট চালাবে। এর বাইরে জেদ্দাগামী নিয়মিত ২২টি ফ্লাইটেও হজ্বযাত্রী পরিবহন করা হবে। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থায় বাংলাদেশ থেকে পবিত্র হজ্বব্রত পালনে গাইডসহ প্রায় ৯০ হাজার বাংলাদেশি সৌদি আরবে যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড অর্ধেক হজ্বযাত্রী পরিবহন করবে। অপর অর্ধেক হজ্বযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা নাস এয়ারওয়েজ।