চলতি বছরে স্মার্টফোনের বিক্রি ছাড়াবে ১০০ কোটি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
চলতি বছরে স্মার্টফোনের বিক্রির পরিমাণ ছাড়িয়ে যাবে ১০০ কোটির ল্যান্ডমার্ক। আর বিক্রির পরিমাণে শীর্ষে থাকবে স্বল্পমূল্যের স্মার্টফোন। উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান বাজারই এতে সবচেয়ে বেশি প্রভাব রাখবে। প্রযুক্তি ও প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আইডিসি জানিয়েছে, এই বছরে আগের বছরের তুলনায় স্মার্টফোনের বিক্রি বাড়বে প্রায় ৪০ শতাংশ। আর এই বাজার বাড়তে বাড়তে ২০১৭ সালে গিয়ে দাঁড়াবে ১৭০ কোটি স্মার্টফোন বিক্রিতে। এদিকে সার্বিকভাবে মোবাইল ফোনের বাজার গত বছরের তুলনায় বাড়বে মাত্র ৭.৪ শতাংশ। এতে করে চলতি বছরে মোট বিক্রি হওয়া মোবাইল ফোনের পরিমাণ হবে ১৮০কোটি। অর্থাত্, এই বছরে বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট মোবাইল ফোনের অর্ধেকেরও বেশি হবে স্মার্টফোন। স্মার্টফোনের এই বাজার বৃদ্ধির পেছনের উন্নত বিশ্বে মোবাইল অপারেটরগুলোর ভূমিকার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে স্বল্পমূল্যের স্মার্টফোনগুলো মূল ভূমিকা রাখছে বলে বলা হয়েছে আইডিসি’র এই প্রতিবেদনে। এ প্রসঙ্গে আইডিসি’র মোবাইল গবেষণা বিভাগের র্যামন লামাস বলেন, ‘দুই বছর আগে ৫০ কোটি স্মার্টফোন বিক্রির ল্যান্ডমার্ক অর্জিত হয়েছে। এরপর মাত্র দুই বছরেই এই বাজারের দ্বিগুণ হয়ে যাওয়াটা স্মার্টফোনের জন্য একটি বড় অর্জন। আসলে বিলাসী এবং আধুনিকতম পণ্যের জায়গা থেকে স্মার্টফোন এখন সারাবিশ্বের মোবাইল ব্যবহারকারীর কাছেই আবশ্যকীয় একটি যন্ত্রে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলোতে মোবাইল অপারেটররা ভর্তুকি দিয়েই স্মার্টফোনগুলো আকর্ষণীয় সব প্যাকেজের মাধ্যমে পৌঁছে দিচ্ছে গ্রাহকদের হাতে। তবে চীন বা ভারতের মতো দেশগুলোতে স্বল্পমূল্যের স্মার্টফোনের একটি বিশাল বাজার তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই ভালো মানের ফিচার ফোনগুলোর দামেই এখন পাওয়া যাচ্ছে স্মার্টফোন। ফলে বিপুল পরিমাণ মানুষের সামর্থের মধ্যে চলে এসেছে স্মার্টফোন।’ প্রতিবেদনে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আধিপত্যই ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন তুলনামূলক শক্ত অবস্থানে থাকলেও অ্যান্ড্রয়েডের কাছে বিশ্বব্যাপী পাত্তাই পাচ্ছে না আইফোন।