রংপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে আপন বড় ভাই। আর এই মর্মান্তিক খবর শুনে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মেজ ভাই। শুক্রবার দুপুরে মহানগরীর রবার্টসনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক ছোট ভাই নয়নকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহানগরীর রবার্টসনগঞ্জ এলাকার মৃত আবুল খায়েরের তিন পুত্র আব্দুস সালাম কাকন (৫২), আব্দুস সবুর মাটন (৪৮) ও নয়নের (৩৫) মধ্যে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ছোট ভাই নয়নের সাথে বড় ভাই কাকনের জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নয়ন লাঠি দিয়ে বড় ভাই কাকনের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর শুনে মেজ ভাই আব্দুস সবুর মাটন হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
